সরকারের পতন যেকোনো সময় হতে পারে -দুদু
বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল জুমুয়াবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। তারা (সরকার) এমন এক লোক বেনজীরকে পুলিশ দিয়েছিল যিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে লুটপাট করে নাই। যার ওপর নিষেধাজ্ঞা আছে সে এবং তার পরিবার বিদেশে যেতে পারবে না তারপরও এ সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে।
তিনি বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নাই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।