সবচেয়ে বেশি দেশীয় জাতের গরু মেলে যে হাটে
উত্তর জনপদে কোরবানির পশু বেচাকেনার অন্যতম স্থান বগুড়ার মহাস্থান হাট। যেখানে সবচেয়ে বেশি মেলে দেশীয় জাতের গরু। ঈদ সামনে রেখে এখানে বরাবরের মতো চলছে জমজমাট বেচাকেনা।
এই হাটে ক্রেতা চাহিদার শীর্ষে আছে মাঝারি আকারের গরু। তবে দাম নিয়ে সাধ ও সাধ্যের সমন্বয়ে বেকায়দায় ক্রেতারা। তারা জানান, গত বছর যে গরুর দাম ছিলো ৮০-৯০ হাজার এই বছর সেই গরুর দাম বেড়ে হয়েছে ১ লাখ ১০-২০ হাজার।
বিপাকে খামারিরাও। তারা বলছেন, পশু পালনে খরচ বাড়লেও এবারে কমেছে বড় গরুর চাহিদা। তাই লোকসানের শঙ্কায় তারা। খামারিরা জানান, গরুর খাবারের টাকাই উঠছে না যে দাম বলছেন ক্রেতারা।
বেচাকেনা যেমনই চলুক, জালটাকা শনাক্তে মেশিন বসানোসহ নেয়া হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে মহাস্থান হাটের পরিচালক মনিরুজ্জামান মটু বলেন, জাল টাকা শনাক্তের জন্যে মেশিন রয়েছে। হাটের নিরাপত্তার জন্যে পুলিশ প্রশাসন রয়েছে। এ ছাড়াও আমি নিরাপত্তার জন্যে হাট কর্তৃপক্ষের হয়ে ১০০ জন লোক রেখেছি।
ঐতিহাসিক মহাস্থান হাটে এবার প্রায় ২০ হাজার কোরবানির পশু আনা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।