সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতের এক সংসদ সদস্যের বক্তব্যের কিছু অংশকে ‘অরুচিকর’ ও ‘অশোভন’ উল্লেখ করে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত মঙ্গলবার (১৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার সরকার রাজনৈতিক সমালোচনার প্রসঙ্গ টানতে ‘চালুনি’ ও ‘সুঁচের’ কথোপকথনের একটি উপমা ব্যবহার করে। এ সময় তার বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দের বিষয়ে আপত্তি ওঠে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্পিকার সংসদ সদস্যকে সতর্ক করে বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হল।’
সংসদীয় রীতিনীতি অনুযায়ী, কোনো বক্তব্য বা শব্দ এক্সপাঞ্জ করা হলে তা আর সংসদের আনুষ্ঠানিক নথির অংশ হিসেবে গণ্য হয় না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।