সংকটের মধ্যেও ৮ মেগাপ্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক সংকটের মধ্যেও থেমে থাকেনি দেশের ফাস্ট ট্র্যাকভুক্ত আট মেগাপ্রকল্পের কাজ। প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে সব সময় নজর রাখছে সরকার। চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে দেশের আট মেগাপ্রকল্পের কাজ প্রায় শেষের পথে।
এ ছাড়া সরকারের ধারাবাহিকতা রক্ষায় নানা সংকটের মধ্যেও আট মেগাপ্রকল্পের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। সব কাজ শেষ না হলেও এরই মধ্যে বেশির ভাগ প্রকল্প উদ্বোধন করা হয়েছে, যার সুফল পেতে শুরু করেছে দেশের জনগণ। চলমান প্রকল্পগুলোর মধ্যে একটির কাজ এরই মধ্যে শতভাগ শেষ হয়েছে। কয়েকটির কাজ আবার প্রায় শতভাগ সমাপ্তির পথে।
বাকিগুলোও বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ফাস্ট ট্র্যাকভুক্ত মেগাপ্রকল্পের অগ্রগতি প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইএমইডির প্রতিবেদন সূত্রে জানা গেছে, মেগাপ্রকল্পগুলোর চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গড় ভৌত অগ্রগতি ৮৮.৯১ শতাংশ। ভৌত অগ্রগতি বেশি হলেও আর্থিক অগ্রগতি তুলনামূলক কম।
ফাস্ট ট্র্যাকভুক্ত চলমান প্রকল্পগুলো হলো পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু-মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।