শ্রমিক বিক্ষোভ: গাজীপুরে ২৫ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুরের টঙ্গী, জয়দেবপুর ও শ্রীপুর উপজেলায় নানা দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এসময় কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় শ্রমিকদের আন্দোলন শুরু হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ ও কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে গাজীপুরের টঙ্গীতে ১৩ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে এমট্রানেট গ্রুপ নামে কারখানার শ্রমিকরা। তাদের সঙ্গে আন্দোলনে অংশ নেয় পিনাকি গ্রুপ, ড্রেস ম্যান ও নোমান গ্রুপের শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ শ্রমিকদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি মেনে নেন।
দাবি মেনে নেওয়ার পর এমট্রানেট গ্রুপের মানব সম্পদ কর্মকর্তা সুজন, লাকি, সফিউল্লাহ, সুমন, পিএম রানা, রফিক, সুপারভাইজার মুসা, নিলুফা, শান্তা, পিএম ফরিদ ও ওয়াহিদের পদত্যাগের দাবিতে দুপুর ৩টার পর থেকে আবারও আন্দোলনে নামেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম জানান, সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা নানা দাবি নিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে, শ্রমিক উত্তেজনা যাতে অন্যান্য কারখানায় ছড়িয়ে না পরে সেটি বিবেচনায় ২৫টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।