শৈলকুপায় আ.লীগের দুই পক্ষে দ্বন্দ্ব, কেটে ফেলা হলো ৪০ বিঘা জমির কলাগাছ
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ২৫ জন কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে ফেলা হয়েছে। গত জুমুয়াবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যোগীপাড়া গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সঙ্গে রইচ উদ্দিন কমান্ডার ও মতিয়ার ম-লের সমর্থকদের বিরোধ চলে আসছে। দুই পক্ষই আওয়ামী লীগের সমর্থক। গত উপজেলা নির্বাচনের পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। গত জুমুয়াবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের কলাগাছ কেটে ফেলা হয়। তাতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে এই ঘটনার পর থেকে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাট ফাঁকা, রাস্তায় পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মাঠের পর মাঠ কলাগাছের কাটা অংশ মাটিতে পড়ে আছে।
ওই গ্রামের কৃষক শাহীন আলম বলেন, ‘সকালে মাঠে এসে দেখি, আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি জমিতে সার দিয়েছি। কিছুদিন পরই গাছে কলা আসা শুরু করত। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে।’
একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ‘আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ১৫-১৬ হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।’
কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের এত বড় ক্ষতি করেছে যা পূরণ হবে না। রইচ কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নষ্ট করেছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে, তাই বলে আমাদের ফসল নষ্ট করবে? আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।