শেয়ারবাজার কারসাজিতে ডিএসইর পরিচালক, তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্তকালীন তাকে ডিএসইর পরিচালকের দায়িত্ব পালন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। উপসচিব ফরিদা ইয়াসমিন এই চিঠিতে সই করেছেন ২৫ জুন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘ডিএসইর পরিচালকই শেয়ার কারসাজিতে, রক্ষকই যখন ভক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এ তদন্তের নির্দেশ দেওয়া হলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।