শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের ‘নরম সুর’
গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হত্যা, দুর্নীতিসহ নানা অভিযোগে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের অনুরোধ ভারত উপেক্ষা করলেও বাংলাদেশ কঠোর কোনো পদক্ষেপ নাও নিতে পারে। এ বিষয়ে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যের পর টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। তাতে বলা হয়, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশের ‘নরম সুর’ ফুটে উঠেছে।
গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলবে- এমন প্রশ্নের জবাবে গত বুধবার ঢাকায় তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি (শেখ হাসিনার প্রত্যর্পণ) আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাত্র বিষয়। আমাদের দুই দেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় ইস্যু আছে।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমি মনে করি, উভয় ইস্যুই সমানতালে চলতে পারে (এগিয়ে নেওয়া যেতে পারে)। আমাদের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র রয়েছে এবং আমরা এগুলো সমানতালে এগিয়ে নেব।’
ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছে অন্তর্র্বতী সরকার। তবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে বিষয়টি ভারতকে নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে সরকারের ওপর চাপ তৈরি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও জামাতসহ বিরোধী দলগুলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।