লোকসানে চলা বন্দর বন্ধ করে দেয়া হবে -সাখাওয়াত
হিলি সংবাদদাতা:
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি-রফতানি হয় না, কিন্তু বন্দর বানিয়ে রাখা হয়েছে- লোকসানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে আটটি বন্ধ করতে চেয়েছিলাম। ইতিমধ্যে চারটি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশি নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কী হবে- এক পয়সা যেখানে আয় নেই। সারা বছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ হচ্ছে এর চেয়ে অনেক বেশি। যেগুলো কার্যকর ও বড় বন্দর সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এ ছাড়া আরও কিছু নদীবন্দর রয়েছে এগুলোকেও আমরা এভাবে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি। হিলি স্থলবন্দরের কিছু অব্যবস্থাপনার কথা ব্যবসায়ীদের কাছ থেকে শুনলাম সেসব বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষকে খতিয়ে দেখার জন্য জানিয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।