লেজার লাইটের ইশারায় পণ্যবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩২
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একাধিক দল।
র্যাব জানায়, পণ্যবাহী কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করলেই লেজার লাইটের ইশারায় সেসব গাড়ি থামিয়ে চাঁদা আদায় করতো চাঁদাবাজ গ্রেপ্তাররা।
বিশেষ করে মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় যখন পণ্যবাহী ট্রাক ঢাকা প্রবেশ করে ওই সময় সড়কে এমন চিত্র শুরু হয়। এ চক্র ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে প্রতিরাতে পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।
তিনি বলেন, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশের সব শ্রেণির নাগরিকরা বাজার করতে গিয়ে দুর্ভোগের স্বীকার হচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা সবজি বাজারে অধিক দামে সবজি বিক্রির ব্যাপারে জনমনে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। যেখানে পাইকারি বাজার ও খুচরা বাজারে সবজির মূল্যে তারতম্য দেখা যায়।
পণ্য উৎপাদনের স্থান থেকে পাইকারি বাজারে পরিবহনের সময় দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ধাপে ধাপে চাঁদা দেওয়ার কারণে পাইকারি বাজারে এসে বেড়ে যাচ্ছে সবজির দাম। যার মাশুল দিতে হয় সাধারণ ক্রেতাদের। কিছু কিছু স্থানে র্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাময়িক সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে আবার আগের মত উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।
এ জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে র্যাবের বিভিন্ন ইউনিটের গোয়েন্দা দল তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পাইকারি বাজারসহ বিভিন্ন স্থানের চাঁদাবাজির তথ্য উদাঘাটনের জন্য কাজ শুরু করে। এরপর অভিযান চালিয়ে ৩২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ এক লাখ দুই হাজার ৮৬৫ টাকা, ছয়টি টর্চলাইট, তিনটি টার্গেট লাইট, একটি চার্জার লাইট, ২৯টি চাঁদা আদায়ের রশিদ, চারটি রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, দুইটি লাঠি ও ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।