লুটপাটের প্রকল্প পাস করাতে দেয়া হতো শেখ পরিবারের নাম
অর্থ লুট করতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নেওয়া হতো নানা প্রকল্প। শেখ পরিবারের নামে গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে ৫১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ৮২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতেই ওই পরিবারের নামে নেওয়া হয় ১১টি প্রকল্প। যার আর্থিক মূল্য কয়েক হাজার কোটি টাকা। এ খাতের যে কোনো প্রকল্পে শেখ পরিবারের নাম থাকলেই অনেকটা বিনা শর্তে পাস করানো হতো। বাজেটের বিষয়েও দেখানো হতো উদারতা। দফায় দফায় বাড়ানো হতো প্রকল্পের বাজেট। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে শেখ পরিবারের নামে থাকা প্রকল্পগুলোর অডিটে ছিল নিষেধাজ্ঞা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অভ্যন্তরীণ তদন্তে এসব তথ্য উঠে এসেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশে ওই তদন্ত কাজ চালানো হয়। শেখ পরিবারের সদস্যদের নামে নেওয়া প্রকল্পের মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট, হাইটেক পার্ক, শেখ কামালের নামে আইটি প্রশিক্ষণকেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রকল্প। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শেখ পরিবারের নামে নেওয়া সব প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও অযৌক্তিক খরচ বাদ দেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।