লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
পাইপলাইনে গ্যাসের সরবরাহে ঘাটতি থাকায় ভোক্তাপর্যায়ে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও সরবরাহ কমার পাশাপাশি বেড়েছে এলপিজির আমদানি ব্যয়। ফলে বাংলাদেশে বোতলজাত এলপিজির বাজারে তৈরি হয়েছে তীব্র সংকট।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বাজারের তথ্য বলছে, সরকার নির্ধারিত দামের চেয়ে খুচরা পর্যায়ে ৩শ টাকা থেকে ৫শ টাকা বেশিতে বিক্রি হচ্ছে ১২ কেজির বোতলজাত এলপিজি। এই দামেও সব দোকানে মিলছে না সিলিন্ডার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক সরবরাহেও চাপ তৈরি হয়েছে। এলপিজির বৈশ্বিক বাজারমূল্যের পাশাপাশি হু হু করে বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে এলপিজি সংগ্রহে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারছে না বেসরকারি উদ্যোক্তারা। এতে দেশের বাজারে তৈরি হচ্ছে সংকট।
বাজার নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, আগের বছরের চেয়ে সরবরাহ ২০-২৫ শতাংশ বেড়েছে। কিন্তু পাইপলাইনে গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ার প্রভাব পড়েছে এলপিজিতে। এতে এলপিজির বাজার ব্যবস্থাপনায় চাপ তৈরি করছে।
এদিকে গৃহস্থালিতে পাইপলাইনে গ্যাস সংযোগ বন্ধ থাকায় ২০১৫ সালের পর থেকে হোটেল, রেস্তোঁরা ও বাসাবাড়িতে সিলিন্ডারে এলপিজি ব্যবহার হয়ে আসছে। পাশাপাশি যেসব ভোক্তা পাইপলাইনের গ্যাস ব্যবহার করে আসছেন, নিয়মিত গ্যাস না পেয়ে তারাও বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করছেন। এতে হঠাৎ করে ব্যবহার বেড়ে যাওয়ায় এলপিজি ব্যবস্থাপনার ওপর চাপ তৈরি করেছে। চাহিদার বাড়তি চাপ মেটাতে হিমশিম খেতে হচ্ছে এ খাতের উদ্যোক্তাদের।
খুচরা বাজারে হু হু করে বাড়ছে বোতলজাত এলপিজির দাম। অনেক জায়গায় টাকা দিয়েও মিলছে না এলপিজি। রোববার চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা ঘুরে বাজারে এলপিজির সরবরাহে সংকটের আঁচ পাওয়া যায়।
নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার এলপিজি বিক্রেতা আল বারাকা স্টোরের ফরিদ বলেন, ‘আমাদের অনেক সিলিন্ডার খালি। ডিলাররা গ্যাস দিচ্ছে না। গত তিনদিন ধরে প্রতি সিলিন্ডারে ২-৩শ টাকা দাম বেড়েছে।’
ফরিদ বলেন, ‘বর্তমানে জেএমআই ১৮শ ৫০ টাকা, ফ্রেশ ও যমুনা ১৮শ ৩০ টাকা, টোটাল ১৯শ টাকা এবং প্লাস্টিক (বেক্সিমকো) বিক্রি হচ্ছে ২১শ টাকায়। বাজারে বেক্সিমকোর সিলিন্ডারগুলোকে ‘প্লাস্টিক’ নামেই চেনে।
একই এলাকার চুলাঘর নামে দোকানটিতে কথা হয় বিক্রেতা রায়হানের সঙ্গে। রায়হান বলেন, ‘১২ কেজির ওমেরা ১৯শ ৫০ টাকা, টোটাল ও বিএম ১৮শ ৫০ টাকা করে, আইগ্যাস ও ফ্রেশ বিক্রি হচ্ছে ১৮শ ৮০ টাকায়।’
বাংলাদেশে এলপিজি খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের (লোয়াব) সভাপতি ও আমদানিকারক প্রতিষ্ঠান ডেল্টা এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, খুচরা বিক্রেতারা বেশি দামে বিক্রি করলে সেই দায় তো আমরা নিতে পারবো না। খুচরা বাজার নিয়ন্ত্রণের দায় সরকারের। সরকারি এজেন্সিগুলো, লোকাল প্রশাসন এগুলো চাইলে দুদিনের মধ্যে বন্ধ করতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।