যুক্তরাষ্ট্র তার সব উপায় অবলম্বন করবে
বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য সাধনের জন্য অব্যাহতভাবে সব রকম উপায় (টুলস) অবলম্বন করবে এবং সব পর্যায়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের উদ্বেগ তুলে ধরবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেজিসলেচার বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ জি লেইডল এক চিঠির জবাবে একথা বলেছে।
ওদিকে এক্সে দেয়া এক পোস্টে সিনেট ফরেন রিলেশন্স কমিটি বলেছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ঘনিষ্ঠ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র ও তার গণতান্ত্রিক অংশীদাররা। বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিদার, যা হতে হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ, পক্ষপাতিত্বহীন এবং সব দলের জন্য উন্মুক্ত।
সম্প্রতি বাংলাদেশের অবনতিশীল গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু এবং গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরিন বারক্লে’কে একটি চিঠি লিখে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য শেঠ মুলটন। তার উত্তর দিয়েছে ফিলিপ জি. লেইডল।
তার লেখা চিঠিতে বলা হয়, ঢাকা এবং ওয়াশিংটনে বাংলাদেশি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকগুলোতে বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন নিয়ে উদ্বেগ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এসব বৈঠকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব জোর দিয়ে তুলে ধরা হয়েছে।
১৪ই নভেম্বর লেখা চিঠিতে ফিলিপ জি লেইডল বলে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রশাসনের শীর্ষ অগ্রাধিকারে রয়েছে বিশ্বব্যাপী মানবাধিকারকে সমুন্নত রাখা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য সাধনের সব হাতিয়ার (টুলস) অব্যাহতভাবে ব্যবহার করবে এবং সব পর্যায়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের উদ্বেগ তুলে ধরবে।
এর আগে ডনাল্ড লু এবং এরিন বারক্লের কাছে লেখা চিঠিতে শেঠ মুলটন বলে, বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের মুখে যুক্তরাষ্ট্র যেহেতু গণতন্ত্রকে সমৃদ্ধ করতে চাইছে, তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে এসব ইস্যুতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ও কূটনৈতিক ইস্যুকে অগ্রাধিকার দিতে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।