যুক্তরাষ্ট্রের আহ্বানে ইতিবাচক থাকলেও সতর্ক বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে আহ্বান জানিয়েছে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছে। শিগগির বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এ বিষয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসকে জানানো হবে।
সোমবার রাতে মার্কিন দূতাবাস থেকে সংলাপের চিঠি পেয়েছে বিএনপি। রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
যুক্তরাষ্ট্রের এই সংলাপের আহ্বান নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো ধরনের সংলাপে বিএনপি অংশ নেবে না এমন অবস্থান থেকে দলটির কিছুটা সরে আসার আভাস মিলছে। বিএনপি এখন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপ করতে আগ্রহী। তবে সংলাপের আগে দলীয় নেতাদের মুক্তির বিষয় নিয়েও নেতারা চিন্তা-ভাবনা করছেন। কারণ নেতাদের মুক্তি ছাড়া কার সঙ্গে সংলাপ হবে সেটাই বড় প্রশ্ন।
রাজপথে সংঘাত-সহিংসতা এড়িয়ে সংলাপের মাধ্যমে যদি নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাজনৈতিক সমঝোতা করা যায় সেটা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অপশনটি ব্যবহার করতে চায়। তবে সংলাপ ফলপ্রসূ না হলে সেক্ষেত্রে রাজপথে সমাধান আদায়ের ব্যাপারেও নেতাকর্মীদের অবস্থান থাকবে।
পাশাপাশি নির্বাচনের তফসিল যদি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সংলাপ নিয়ে সরকারের একটা ইতিবাচক মনোভাবের প্রতিফলন থাকতে পারে এমন ধারণা রয়েছে বিএনপিতে। আর সংলাপে বসলে বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ব্যাপারটিই এজেন্ডা হিসেবে রাখতে চায়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরবে তারা। সার্বিক পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করছে বিএনপি। কেননা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠিকে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস হিসেবেও দেখা হচ্ছে। এই লুর দেওয়া এক চিঠির কয়েকদিন পরই পাকিস্তানের ইমরান খান সরকারের করুণ পরিণতি হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।