ময়মনসিংহের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার আদেশ ১৫ ফেব্রুয়ারি
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, আটকসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শহীদুল্লাহ ফকিরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি নিয়ে গত বুধবার (১৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক মুহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ বিষয়ে প্রসিকিউটর মোসফেক কবীর বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য আদালতে রাষ্ট্রপক্ষ থেকে আনা চারটি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেওয়ার পর এ বিষয়ে শুনানি নিয়ে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার কালিবাড়ি রোড এলাকা থেকে একই অভিযোগে মুহম্মদ শহীদুল্লাহ ফকিরকে গ্রেফতার করা হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের সাত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
২০২১ সালের ৩ আগস্ট ময়মনসিংহের সাতজনের বিরুদ্ধে তদন্তে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এটি তদন্ত সংস্থার ৮৫তম প্রতিবেদন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।