৩০০ বিঘার লেবু বাগানে দেড়শ’ লোকের কর্মসংস্থান
শেরপুর সংবাদদাতা:
জেলা সদর ও নকলা উপজেলার ৩০০ বিঘা জমিতে লেবু চাষ করেছেন আজিজুল হক। এ বাগানে প্রায় ১৫০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতি সপ্তাহে এই বাগান থেকে ১৫০ মণ লেবু সংগ্রহ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শেরপুর সদরের বলাইরচর, চরমোচারিয়া ও নকলা উপজেলার নারায়নখোলা ইউনিয়নের এই জমিতে প্রচলিত ফসলের চাষ হতো। সেই জমিতেই এখন বিস্তীর্ণ লেবুর বাগান। যেদিকে চোখ যায়, সারি সারি লেবু গাছ। গাছের ডালে ঝুলছে থোকায় থোকায় সবুজ লেবু। বাগান জুড়ে ব্যস্ত সময় পার করছেন নারী ও পুরুষ শ্রমিকরা। কেউ গাছ থেকে লেবু তুলছেন, কেউবা বাছাই ও বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত। লেবু চাষ করে সফলতার এই দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদরের কৃষি উদ্যোক্তা আজিজুল হক।
জানা যায়, শেরপুর সদরের বলাইরচর ইউনিয়নের রামের চর গ্রামের কৃষি উদ্যোক্তা আজিজুল হক। ২০১৪ সালে সদরের লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ১৫ বিঘা জমিতে ১২ লাখ টাকা খরচ করে ৩ হাজার লেবুর চারা রোপণ করেন। দুই বছর পর কাক্সিক্ষত লাভ হওয়ায় ৫০ বিঘা জমিতে লেবু চাষ করেন।
কৃষি বিভাগ জানায়, পরিকল্পিতভাবে লেবু চাষ করে সফলতা পাওয়ায় ১২ বছরে আজিজুল হকের মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ বিঘা। এসব জমিতে তিনি ৫০ হাজার লেবুর চারা রোপণ করেছেন। শেরপুর সদরের দুটি ও নকলা উপজেলার একটি ইউনিয়নের এসব বাগান থেকে তিনি প্রতি সপ্তাহে আয় করছেন ১০ লাখ টাকা।
লেবু তোলা, বাছাই ও পরিচর্যার কাজে বাগানগুলোতে নিয়োজিত আছেন প্রায় ১৫০ জন শ্রমিক। তাদের অনেকের কাছেই এই বাগান হয়ে উঠেছে জীবিকার অন্যতম অবলম্বন। স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন এসব শ্রমিক ও তাদের পরিবার। তারা প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা মজুরি পান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।