মেট্রোরেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক:
ওভারহেড ক্যাটেনারি সিস্টেম-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুৎ লাইন) জিরো ভোল্টেজ হয়ে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সংবাদ মাধ্যমকে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, মেট্রোরেল চলাচল বন্ধের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজকের ঘটনা ঘটেছে মিরপুর-১১ নম্বর স্টেশনে। এটা ইন্টারনাল নাকি এক্সটারনাল তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এদিকে মেট্রোরেলের দ্বায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে ১৫০০ ভোল্ট প্রয়োজন হয় ট্রেন চালানোর জন্য। এবং প্রত্যেকটি স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম আলাদা। মাঝে মাঝে তা ভোল্টেজ আপ-ডাউন করে।
গতকাল দুপুরে হঠাৎ পল্লবী সেকশনে দুটি লাইনেই বিদ্যুৎ সরবরাহ জিরো হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল সোয়া চারটার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। যদিও ঘটনার সময় পল্লবীর আগের ও পরের সেকশনে বিদ্যুতের ভোল্টেজ স্বাবাভিক ছিল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।