মিয়ানমারের শত শত গুলি এসে পড়েছে বাংলাদেশে
মিয়ানমার থেকে শত শত গুলি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের রহমতের বিল এলাকা থেকে অজ্ঞাতনামা দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিয়ানমারের ভেতর জান্তার বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের কারণে সীমান্তে গুলি এসে পড়ছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফলে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বিজিবি জানিয়েছে, ২০-২৫ জনের একটি দল আজ জুমুয়াবার দুপুরে মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ হয়। এর কয়েক মিনিট পর মিয়ানমারের ভেতর তুমুল গোলাগুলি শুরু হয়। এতে এপারেও গুলি ও মর্টার সেল আসতে থাকে।
ঘটনাস্থলে থাকা বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লে. কর্ণেল আজিজ জানিয়েছেন, মিয়ানমারের ভেতরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এ পারে গুলি এসে পড়েছে।
এদিকে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বাংলাদেশে সীমান্ত পরিস্থিতি দুই দিন শান্ত থাকলেও গতকাল বৃহস্পতিবার রাতে ওপারে মুহুর্মুহু গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে। এবার গুলির শব্দ পাওয়া গেছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদ সীমান্তের ওপারে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, উনচিপ্রাং, কানজরপাড়া সীমান্তের নাফ নদের ওপারে গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।