মাত্র ১৮০ টাকা ফি দিতে না পারায় পরীক্ষা দিতে পারল না স্কুল শিক্ষার্থী
জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের কালাইয়ে মাসিক মূল্যায়ন পরীক্ষার ফি দিতে না পারায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এক কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এমিলি ইয়াসমিন রিনার বিরুদ্ধে। এ ঘটনা গত সোমবার (১৮ই আগস্ট) উপজেলার পুনট বাজারে অবস্থিত মঞ্জুর আইডিয়াল স্কুল নামে একটি কিন্ডারগার্টেন স্কুল চত্বরে ঘটেছে। ওই ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিভাবক ও শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, মঞ্জুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে পাঠদানের পাশাপাশি মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফি ১৮০ টাকা নির্ধারণ করা হয়। সোমবার সকালে অফিস কক্ষে ফি জমা দিয়ে পরিশোধের রশিদ নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। কিন্তু ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া মনি টাকা না দিয়েই পরীক্ষার কক্ষে গিয়ে বসে পড়েন। ওই অবস্থায় স্কুলের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের নিকট জানায়।
শিক্ষার্থী সুরাইয়া মনি বলেন, টাকার জন্য আমাকে পরীক্ষা দিতে দেয়নি। ম্যাডাম বলে, তোর বাবা টাকা দিতে পারেনা, তাই তোকে পরীক্ষা দিতে হবে না। তুই বাড়ি যা বলে বের করে দেয়।
সুরাইয়ার বাবা সাইফুল ইসলাম বলেন, আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে স্কুলের বেতন দেই। অনেক সময় দেরি হয়, কিন্তু কোনো মাসের বেতন বকেয়া নেই। শুধু পরীক্ষার ফি বাকি ছিল। মঙ্গলবার দিতে চাইছিলাম। তার আগে আমার মেয়েকে প্রধান শিক্ষিকা পরীক্ষা দিতেই দেয়নি। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি। দেখা যাক, তিনি কি ব্যবস্থা নেন।
মঞ্জুর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা এমিলি বলেন, যা করেছি তা কিন্ডারগার্টেন স্কুলের নিয়মেই করেছি। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ওই স্কুলের পরিচালক মঞ্জুর রাহী চৌধুরী জানান, তার যে শুধু পরীক্ষার ফি বকেয়া আছে তা নয়, গত তিন মাসের মাসিক বেতন বাবদ ৯৫০ টাকা বকেয়া আছে। এসব মিলেই প্রধান শিক্ষিকা ওই শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রেখেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।