ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ গত জুমুয়াবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও ঝড়ের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গত মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকায় তাপমাত্রা এত বেড়ে গেছে। ফলে এখন যে গরম তা হঠাৎ করে কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আজ সোমবার ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে।
তিনি বলেন, যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, দুই-একটি জেলা থেকে তা দূর হতে পারে। আজ থেকে কয়েকটি অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। এভাবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে যেসব জায়গায় বৃষ্টি হবে সেসব জায়গায় তাপপ্রবাহ কমে আসবে।
তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে, যোগ করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।