ভেনামি চিংড়ির পোনা আমদানির সব অনুমোদন স্থগিত
নিজস্ব সংবাদদাতা:
নতুন করে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশে আর ভেনামি চিংড়ির পোনা আমদানি করা যাবে না। এই পোনা আমদানিতে নতুন ও বিদ্যমান সব ধরনের অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৭ জানুয়ারি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এদিকে গত ৭ জানুয়ারি ওই সভার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয় বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।