ভারপ্রাপ্ত প্রধান বিচারক পদে আশফাকুল ইসলামকে ‘প্রত্যাখ্যান’ আন্দোলনকারীদের
ক্ষমতার পালাবদলে বিচারালয়ের শীর্ষ পদে পরিবর্তনের পর বিচারক আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারক করার খবর এলেও তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারক ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
আপিল বিভাগের বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের পাশে শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধান বিচারক ওবায়দুল হাসান। আপিল বিভাগের সাত বিচারকের মধ্যে বিচারক এম ইনায়েতুর রহিম, বিচারক আবু জাফর সিদ্দিকী, বিচারক জাহাঙ্গীর হোসেন, বিচারক শাহিনুর ইসলাম ও বিচারক কাশেফা হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিচারক আশফাকুল ইসলাম পদত্যাগ করেননি। তাকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারক করা হচ্ছে বলে বিকালে খবর আসে। সেই প্রসঙ্গ ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারক পদত্যাগ করেছেন। আমরা জেনেছি ভারপ্রাপ্ত প্রধান বিচারক হিসেবে আশফাকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত পনের বছর তিনি শেখ হাসিনাকে সার্ভ করেছেন। তাই আমরা এই নিয়োগ প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, ‘গত পনের বছর যে অত্যাচার হয়েছে, আশফাকুল ইসলাম তার সহযোগী। আমাদের দাবি, তাকে সরিয়ে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে। সন্ধ্যা ৬টার মধ্যে তাকে প্রধান বিচারক হিসেবে নিয়োগ করতে হবে।’
বিচারকদের পদত্যাগের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শূন্যতা পূরণে হাইকোর্ট বিভাগের ৭ বিচারককে সর্বোচ্চ আদালতের দায়িত্ব দেওয়ারও খবর এসেছে ইতোমধ্যে। সাতজনের ওই সম্ভাব্য তালিকাতেও বিচারক সৈয়দ রেফাত আহমেদের নাম রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।