মাসের শুরুতে বেতন আসে, আর মাস শেষ হওয়ার আগেই তা কোথায় যেন উধাও হয়ে যায়। বেতন কত বাড়বে, এই প্রশ্নের চেয়ে এখন বড় প্রশ্ন হওয়া উচিত, মানুষের জীবনযাত্রার খরচ কত কমবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে। বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও বেতন বৃদ্ধির দাবি রয়েছে।কিন্তু প্রশ্ন হলো, শুধু বেতন বাড়ালেই কি মানুষের জীবন সহজ হবে? বাজার, বাড়িভাড়া, যাতায়াত, বিদ্যুৎ ও গ্যাসের খরচ যদি একই সঙ্গে বাড়তে থাকে, তাহলে বেতন বাড়িয়ে মানুষের প্রকৃত স্বস্তি কতটা নিশ্চিত করা যাবে?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয় ২০১৫ সালে:
এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য, বাসাভাড়া, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। ফলে একই বেতন কাঠামোর ওপর নির্ভর করে সংসার চালানো বিশেষ করে মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও বেতন বাড়ানোর দাবি উঠছে। কারণ মাস শেষে বেতন হাতে আসার আগেই অনেকের হিসাব শুরু হয়ে যায় বাড়িভাড়া, বাজার, যাতায়াত, বিদ্যুৎ, গ্যাস, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ নিয়ে।
তবে এই সমস্যা শুধু সরকারি কিংবা বেসরকারি কোনো একটি খাতের নয়। সমস্যাটি প্রতিটি সেক্টরের মানুষের। চলমান বেতন দিয়ে সংসার চালানো এখন অনেকের জন্যই কঠিন। তবে শুধু বেতন বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করা যাবে না। বরং দৃষ্টি দিতে হবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে লাগাম টানার দিকে।
কারণ বাসাভাড়া, দ্রব্যমূল্য, গাড়িভাড়া, বিদ্যুৎ ও জ্বালানির চলমান সংকট সবকিছুর সঙ্গেই মানুষের জীবনযাত্রার ব্যয় জড়িয়ে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, জুলাই ২০২৬ সালে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩২ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.১৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.২৮ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.২২ শতাংশ। অর্থাৎ আয় বাড়লেও মূল্যস্ফীতির চাপ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করছে।
এখানেই প্রশ্ন আসে, সরকার বেতন যতই বৃদ্ধি করুক, যদি একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকে, তাহলে বেশি বেতনে লাভ কতটা?
উদাহরণ হিসেবে বলা যায়, আগে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে একটি পরিবারের মাসে ১০ হাজার টাকা লাগত, এখন একই ধরনের বাজার করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রয়োজন হচ্ছে। এ পরিস্থিতিতে বেতন দ্বিগুণ করা হলেও যদি বাজার, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য খরচ একই হারে বাড়তে থাকে, তাহলে সেই বেতন বৃদ্ধির সুফল কোথায়?
এর থেকে বরং জীবনযাত্রার ব্যয় কমানো গেলে চলমান বেতন দিয়েই সংসার চালানো অনেকটা সহজ হতে পারে।
আফ্রিকার জিম্বাবুয়ের অতিমূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের উদাহরণ অনেকেই জানেন। সেখানে একসময় বিপুল পরিমাণ অর্থ নিয়েও সামান্য পণ্য কেনা কঠিন হয়ে পড়েছিল।
এছাড়া এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলংকার বিষয়টিও যদি আমরা দেখি, বিদ্যুৎ ও জ্বালানির মূলক কয়েকগুণ হয়ে গিয়েছিল ২০২২ সাল নাগাদ।
অর্থাৎ মানুষের হাতে টাকা থাকলেই হবে না, সেই টাকার ক্রয়ক্ষমতাও থাকতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির লাগাম যদি টানা না যায়, তাহলে বেতন বাড়িয়েও দীর্ঘমেয়াদে মানুষের স্বস্তি নিশ্চিত করা সম্ভব নয়। হাতে বেশি টাকা থাকবে, কিন্তু সেই টাকার মূল্য কমে যাবে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। চলমান গ্যাস সংকট ও বিদ্যুৎ সংকট ইতোমধ্যে শিল্প উৎপাদন, পরিবহন ও ব্যবসায় প্রভাব ফেলছে। জুলাইয়ে একটি এলএনজি টার্মিনালের সমস্যার পর গ্যাস সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনেও সংকট দেখা দেয় এবং বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলগুলোতেও গ্যাসের সংকটের কারণে কারখানা বন্ধ থাকা, উৎপাদন কমে যাওয়া এবং বিকল্প জ্বালানি ব্যবহারের খবর এসেছে। এতে উৎপাদন ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন বাড়লেই কি সমস্যার সমাধান হবে?
-ফিয়াদ নওশাদ ইয়ামিন। লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।