বিষাক্ত তামাক চাষ ছেড়ে পেঁপে চাষ করে ব্যাপক সফলতা
কুষ্টিয়া সংবাদদাতা:
বিষাক্ত তামাক চাষ ছেড়ে ‘টপ লেডি’ জাতের পেঁপে চাষ করে প্রথমবারেই দুই লাখ টাকা লাভের আশা করছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার কৃষক জামিরুল ইসলাম।
মাত্র ৩৫ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন তিনি। সব মিলিয়ে ৫০ হাজার টাকা খরচ করেছেন এবং দুই থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। এরইমধ্যে তিনি পেঁপে বিক্রি শুরু করেছেন। জমি থেকেই কাঁচা পেঁপে পাইকারী ১৫ টাকা কেজি দরে বিক্রি করে বেশ খুশি তিনি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার তার বাগান ঘুরে দেখা যায়, গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পেঁপে ধরেছে। ছোট-বড়-মাঝারি এবং ফুলও ধরেছে। এক একটি গাছ থেকে এ মৌসুমে প্রায় এক মণ করে পেঁপে সংগ্রহ করতে পারবেন বলে আশা করেন জামিরুল ইসলাম।
ছোটবেলা থেকেই কৃষি কাজের সাথে জড়িত রয়েছেন জামিরুল। ধান চাষের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে তামাকের চাষ করেন তিনি। তামাকে পরিশ্রম এবং বিক্রির ক্ষেত্রে হয়রানির কারণে চায়ের দোকান খুলেছেন। কৃষি পেশা ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে নিরাপদ উপায়ে উচ্চমূল্য সবজি চাষের উপরে উপজেলা কৃষি অফিস থেকে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করে তাদের সহায়তায় পেঁপের চাষ করেছেন। তামাকের পরিবর্তে পেঁপে চাষ করে বেশি লাভবান হচ্ছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আমি মূলত এই জমিতে তামাক চাষ করতাম। কিন্তু উপজেলা থেকে ট্রেনিং নিয়ে এবার প্রথম পেঁপের চাষ শুরু করেছি। কীভাবে পেঁপের চাষ করতে হবে, কখন কী পরিচর্যা করতে হবে সবকিছু হাতে কলমে শিখিয়ে দিয়েছে কৃষি অফিসের লোকজন। আমি নিজেই ওয়ানটাইম চায়ের কাপে পেঁপের চারা উৎপাদন করে রোপন করেছি। জমি চাষাবাদ ও পরিচর্যা করেছি। কৃষি অফিস থেকে আমাকে ২০ শতক জমির জন্য সার, বীজ, পরিচর্যার খরচ দিয়েছে। বাকীটুকু নিজের খরচে করেছি।
জামিরুল বলেন, আমার এই জমিতে ৪০০ পেঁপে গাছ রয়েছে। প্রতিটি গাছেই আশা করছি এক মণের কাছাকাছি করে পেঁপে পাব। এটা বিক্রির জন্য আমাকে বাজারেও নিতে হচ্ছে না। ব্যাপারীরা এসে বাগান থেকেই পেঁপে নিয়ে যাচ্ছে। আশা করছি এই মৌসুমেই আমি দুই থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব। যেখানে আমার খরচ হয়েছে ৫০ হাজার টাকার মতো।
স্থানীয় কৃষক আয়নাল ইসলাম জানান, এক এক গাছে যে এত পেঁপে ধরে তা কখনো জানতাম না। আমরা জামিরুল এর বাগান দেখে বুঝছি এখন যে পেঁপে চাষ কতটা লাভজনক। তামাকের চেয়ে অনেক বেশি লাভজনক এই পেঁপে চাষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।