বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত
আল ইহসান ডেস্ক:
রাতের স্বস্তির বৃষ্টির পর রাজধানীতে সকালে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। তাপপ্রবাহ বইতে শুরু করেছে। বর্তমানে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমে আসতে পারে। তবে অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলে গরম পরিস্থিতি এখনই পুরোপুরি কমছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপ সৃষ্টি হলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা জানিয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।