বিপুল লাভ হলেও লোকসানের হিসাব কষতে মরিয়া বিপিসি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি অর্থবছরে ১০ হাজার কোটি টাকারও বেশি লোকসান করতে পারে, বাজেট প্রণয়নের সময় সে প্রক্ষেপণই করা হয়েছিল। অথচ জ্বালানি তেল বিক্রি করে অর্থবছর শেষে সংস্থাটির ৩ হাজার ৮০০ কোটি টাকার বেশি নিট মুনাফা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিগত কয়েক বছর ধরেই লোকসানের প্রাক্কলন করে উল্টো এভাবেই বিপুল অংকের লাভ করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল আমদানি ও বিপণনকারী প্রতিষ্ঠানটি। স্থিতিশীল বাজার ও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু থাকা সত্ত্বেও একই হিসাব কষতে মরিয়া বিপিসি আগামী অর্থবছরও সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি লোকসানের প্রাক্কলন করেছে। সংশ্লিষ্টরা যদিও বলছেন, আগের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরও সংস্থাটি লাভে থাকবে।
এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ম. তামিম বলেন, ‘দেশের রাষ্ট্রায়ত্ত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে অস্বচ্ছ বিপিসি। বেশ কয়েক বছর আগে বিপিসিকে একটা ঋণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক একটি সংস্থা তাদের আর্থিক বিষয়টি স্বচ্ছভাবে খতিয়ে দেখার জন্য বিদেশী অডিট ফার্ম দিয়ে নিরীক্ষার পরামর্শ দিয়েছিল, কিন্তু সেটি হয়নি। জ্বালানি তেল বিক্রিতে তারা লোকসানের প্রাক্কলন করছে, এখন তো লোকসানের প্রশ্নই ওঠে না। কেননা আন্তর্জাতিক বাজার থেকে যে দামে কিনবে সে দামেই বিক্রি করবে। অথচ সমন্বয় তো হচ্ছেই না, বরং এখানে তারা অনেক বেশি মুনাফা করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তো এভাবে মুনাফা করতে পারে না।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।