বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন -কৃষিমন্ত্রী
টাঙ্গাইল সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এই সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নাই। কিন্তু আমাদের বিদেশিদের সমর্থনের কোনো দরকার নাই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণ হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেন্দ্র করে তারা আবার দেশটাকে উত্তাল করতে চায়। সংবিধানের আলোকে আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিদেশিদের কাছে হাত পাতছেন, তাদের কাছে ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য-আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিলো। সেই সময় দেশের জনগণ আমাদের পক্ষে ছিলো।
তিনি আরও বলেন, এই সরকার নির্বাচিত সরকার। এই সরকার জনগণের সরকার। জনগণের জানমালের, জনগণের সম্পদের ও জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়ে এগুলো মোকাবেলা করবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।