বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ন্যাক্কারজনক অ্যাখ্যা দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. আবদুস সালাম বলেন, মূলত বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েছে। অতি সম্প্রতি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে একটি পরমুখাপেক্ষী চিকিৎসা ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে সরকার দলীয় ক্যাডার বাহিনী ও দুর্বৃত্তদের হাতে চিকিৎসকদের ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর শারীরিক নির্যাতন অমানবিক এবং অযাচিত।
তারা বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের উপর আইনের কোনো তোয়াক্কা না করে নিজের হাতেই আইন তুলে নিয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী একের পর এক চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের উপর আক্রমণ ভাংচুর এবং শারীরিকভাবে লাঞ্চিত করে যাচ্ছে।
তারা আরও বলেন, আইনের সঠিক প্রয়োগ এবং বিচার না হওয়ায় চিকিৎসকদের উপর এই ধরনের হামলা ক্রমাগত বেড়েই যাচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আজ আইনের শাসন ভুলুণ্ঠিত, জবাবদিহিতার সংস্কৃতি এবং সামাজিক অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছেছে বর্তমান বাংলাদেশ, যেখানে বিচারহীনতাই সংস্কৃতিতে রূপ নিয়েছে।
ড্যাবের সভাপতি ও মহাসচিব অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং ডাক্তারদের নিরাপদ কর্মসংস্থানের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। অন্যথায় দেশের চিকিৎসা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের উপর বর্তাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।