‘বিএনপি বিপ্লবী নয়, মুক্ত স্বাধীনচেতা গণতান্ত্রিক দল’
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বিপ্লবী নয়, মুক্ত স্বাধীনচেতা গণতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিধায় এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে। একইসঙ্গে দেশের মানুষও গণতন্ত্রের জন্য শত শত বছর লড়াই করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, আর অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। এটা কিসের আলামত জানি না। তবে আমার মনে হয়, ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটা মহল ভিন্নদিকে দৃষ্টি দিতে কাজ করছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন তিনি।
দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গনতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। সেজন্য বিএনপিসহ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংস্কার প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই না। অথচ এই সংস্কারের কথাই বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।