বাড়ি করতে কেনা জমিতেই একসঙ্গে পরিবারের ৪ জনের কবর
অটোরিকশাচালক জামাল উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী মরিয়ম আক্তার দম্পতি বাড়ি তৈরির জন্য টাকা জমিয়ে আট শতক জমি কিনেছিলেন। একপাশে ছাপরা তুলে তিন মেয়ে ও মাকে নিয়ে বসবাস করছিলেন জামাল। স্ত্রী চাকরি করেন ঢাকায়। আশা ছিল, দ্রুতই বড় করে বাড়ি করবেন। কিন্তু এর আগেই ওই ঘরে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান জামালসহ পরিবারের চার সদস্য। সেই জমিতেই গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তাদের দাফন করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর ঘোষপালা গ্রামের বাসিন্দা ছিলেন জামাল উদ্দিন। গত শনিবার বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। তারা হলো- জামাল উদ্দিন, তার মা আনোয়ারা বেগম এবং জামালের দুই মেয়ে ফাইজা মনি ও আনিকা।
ঘোষপালা আমলীতলা বাজারের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, বাড়ি নির্মাণের জন্য কেনা জমিতে জামাল ও তাঁর পরিবারের সদস্যদের কবর দিতে হলো।
দুর্ঘটনার সময় বেঁচে যাওয়া একমাত্র শিশু জান্নাতুল মারুফাকে (৯) কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবা, ছোট দুই বোন ও দাদির চিরবিদায়ের সময় তাঁর চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল। এ দৃশ্য দেখে স্বজন ও প্রতিবেশীদের অনেকে ডুকরে কেঁদে ওঠেন। কান্নার শব্দে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। স্বজনদের কেউ কেউ মারুফাকে সরিয়ে নিয়ে যেতে চাইলেও কবরের সামনে থেকে তাকে সরানো যাচ্ছিল না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।