বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়ারিং বাতিল
আন্তঃব্যাংক লেনদেনে ব্যবহৃত হয় বাংলাদেশ ব্যাংকের সার্ভার। সোমবার রাতে সার্ভারে ত্রুটি ধরা পড়ে। এতে বিভিন্ন ব্যাংক থেকে যাওয়া চেকগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর ফলে সোমবারের জমা পড়া চেকগুলো গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিষ্পত্তি করা যাচ্ছে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই যে চেকগুলো এসেছে, সেগুলো ক্লিয়ারিং করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। আশা করা যাচ্ছে, কর্মদিবসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের জেনারেল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।