বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ড. কেমাল মেমিসওলোর সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা উঠে আসে।
আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রদূত তুরস্ক কর্তৃক পূর্বে প্রস্তাবিত বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ বিষয়টি উত্থাপন করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তুরস্কের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বিগত বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশে হাসপাতাল নির্মাণ বিষয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না করায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি।
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক ভ্রমণকালীন, বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ হাসপাতালের জায়গা বরাদ্দ বিষয়ক সমস্যাটি তুলে ধরলে, তিনি নিশ্চয়তা প্রদান করেন যে, জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না। সরকার এ বিষয়ে আন্তরিক। সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টিতে জোর দেন। তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে জানান, শিগগিরই একটি কমিটি গঠন করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তুরস্ক কর্তৃক হাসপাতালটি নির্মাণ হলে যেন বাংলাদেশিদের তত্ত¦াবধানেই পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে এমনভাবে প্রশিক্ষিত করে তোলা হবে। এছাড়াও তিনি জানান যে, এর নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রোগীদের তখন বিদেশমুখী হতে হবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।