বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউইয়র্ক টাইমসের সাংবাদিক
যুক্তরাষ্ট্র নতুন করে বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। কেননা কিছু দেশের ওপর কল্পনাতীত শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এতদিন পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছে নিউইয়র্ক টাইমসের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যালেক্স ট্রাভেলি।
সংবাদ মাধ্যমটির লাইভ আপডেটে অ্যালেক্স লিখেছে, ট্রাম্পের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দশম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে।
সে বলেছে, দেশটির কারখানাগুলো প্রচুর পোশাক তৈরি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে মোট পোশাকের প্রায় এক পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। যার পরিমাণ বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছে অ্যালেক্স ট্রাভেলি।
সে আরও বলেছে, নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক বিদ্যমান ১৫ শতাংশের সঙ্গে যোগ করা হোক বা না হোক, আমেরিকায় ‘ মেড ইন বাংলাদেশ’ পণ্যকে অনেক ব্যয়বহুল এবং বিরল করে তুলবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।