‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে’
আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, উন্নত চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও বিশেষায়িত চিকিৎসাসেবার সম্প্রসারণের ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকূল ইসলাম।
গত বুধবার (২৮ অক্টোবর) চীনের সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, ইউরোলজি ও এন্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতির পথে রয়েছে। রোবোটিক সার্জারির যাত্রা শুরু দেশের চিকিৎসাবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এ প্রযুক্তির টেকসই বাস্তবায়নে দক্ষ সার্জন, প্রশিক্ষিত অপারেশন থিয়েটার টিম, নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য দুই দেশের হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, ফেলোশিপ, যৌথ কর্মশালা এবং উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া ভবিষ্যতের চিকিৎসায় টেলিসার্জারির সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচারব্যবস্থা চালু করতে নির্ভরযোগ্য উচ্চগতির যোগাযোগ, রোগীর নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।