বাংলাদেশের আবহাওয়ার রহস্যময়তা, ১৬ বছরেও দেশে এমনটি হয়নি!
দীর্ঘ ১৬ বছর পর সময়ের আগেই বাংলাদেশে আগমন ঘটেছে মৌসুমী বায়ুর। ২০০৯ সালের পর এবারই প্রথম মে মাসের শেষ দিকে দেশের টেকনাফ উপকূলে এই বায়ু প্রবেশ করেছে। শুধু বাংলাদেশ নয়, একই দিনে ভারতের কেরালাতেও মৌসুমী বায়ুর আগমনের খবর মিলেছে।
সাধারণত জুনের প্রথম সপ্তাহে উপকূলে মৌসুমী বায়ুর আগমন ঘটে, যা অক্টোবর পর্যন্ত উপমহাদেশজুড়ে প্রভাব বিস্তার করে। তবে এবার এক সপ্তাহ আগেই এর আগমন ঘটায় আবহাওয়ার ধারাবাহিকতায় একটি ব্যতিক্রমী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
মৌসুমী বায়ুর আগমনের ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, দুই-তিনদিন বৃষ্টির পর বৃষ্টিপাত হঠাৎ কমে গিয়ে সৃষ্টি হতে পারে লঘুচাপ। এতে উপকূলীয় এলাকায় আবারও বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ু দক্ষিণ এশিয়া এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী মৌসুমী প্রবাহ। এটি কৃষি, স্বাস্থ্য ও জনজীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।
এই আগাম আগমন একদিকে যেমন স্বস্তির বার্তা, তেমনি প্রস্তুতিরও আহ্বান জানাচ্ছে সংশ্লিষ্ট খাতগুলোকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।