বাংলাদেশকে একচোখা নীতিতে দেখছে ভারত -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের প্রায় দুই হাজারের মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর স্টেটমেন্ট দেয়নি? শেখ হাসিনার এই ভয়ংকর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি! একটা বিবৃতি তো দেননি! আজ যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছু একটা পরিকল্পিত ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজ কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়! বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ বুঝতে পারছে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে, এর জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলো না, দিলো অস্থিতিশীলতা তৈরির কারণে একজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য। তিনি বাংলাদেশের নাগরিক, তার প্রতি যদি সরকার অন্যায় করে তাহলে বাংলাদেশের জনগণ সেখানে দাবি তুলতে পারে। তাদের দাবি এখান থেকে হবে। বাইরের কোনো দেশ থেকে এ ধরনের প্রতিবাদ আসছে কেন? এগুলো তো সব রহস্যজনক বিষয়। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা (ভারত) মনে হয় বিশ্বাস করতে চায় না।
রিজভী বলেন, ভারতের যে শাসকগোষ্ঠী- এই শাসকগোষ্ঠী আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি। এ কারণেই তারা এক চোখা নীতি অবলম্বন করে বাংলাদেশকে দেখছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।