পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪
, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো এই অভিযানে ভারত–সমর্থিত ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত কয়েক দিনের অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় এসব গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়।
আইএসপিআর জানায়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় কার্যকরভাবে হামলা করা হয়। কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জন খাওয়ারিজকে হত্যা করা হয়েছে। এসব আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।’
এদিকে খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দা অভিযানে আরও ৪৩ জন ভারতপন্থি সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের হুমকি নির্মূল এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে মির আলী ও ওরাকজাই এলাকাতেও অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক এসব অভিযানে সেনারা সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালায়। তীব্র ও ব্যাপক গোলাগুলির পর মির আলীতে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্যকে হত্যা করা হয়েছে। আর ওরাকজাইয়ে আটজন খাওয়ারিজ নিহত হয়েছে। এর ফলে এসব এলাকায় সক্রিয় খাওয়ারিজ নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।’
সামরিক বাহিনী জানায়, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়, ওই এলাকাগুলোতে আত্মগোপনে থাকা খাওয়ারিজ সদস্যদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব তৎপরতা বেশি দেখা গেছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল খাইবার পাখতুনখাওয়া।
প্রতিবেদনে বলা হয়, ওই তিন মাসে সহিংসতাসংক্রান্ত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশের বেশি অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩৪ শতাংশ বা ২৬৫ জন।
সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখাওয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা সারা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ। এতে পাকিস্তানের এই দুই প্রদেশকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার বিষয়টি স্পষ্ট হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












