নিশ্চিত হয়নি ‘ট্রান্সফ্যাটমুক্ত’ খাদ্য
মানবদেহের জন্য ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে সরকার একটি প্রবিধানমালা তৈরি করে ২০২১ সালে। ‘খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা’ নামে ওই প্রবিধানমালা দুই বছরের মধ্যে বাস্তবায়নের কর্মপরিকল্পনাও হয়। তবে তিন বছরেও তা বাস্তবায়ন শুরু হয়নি।
বাংলাদেশের খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু সময় পরে হলেও তিন বছর আগে সরকার এ ট্রান্সফ্যাট ব্যবহারে প্রবিধিমালা করেছে। তবে এখনো তা পুরোপুরিভাবে বাস্তবায়ন শুরু করতে পারেনি। প্রবিধানমালাটি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলে বেশিমাত্রার ট্রান্সফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে। ট্রান্সফ্যাটি অ্যাসিডের এ উপস্থিতি উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথ স্কুলের ১৩ জন গবেষকের দুই বছর মেয়াদি এক গবেষণায়।
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিকর ট্রান্সফ্যাটের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, খাবারে ক্ষতিকর ট্রান্সফ্যাট ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে থাকা শীর্ষ ১৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।