দেড়শো কোটির সড়ক যেন মরণফাঁদ: মহাসড়কে পিচ তুলে দেয়া হচ্ছে ইট
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার ‘জিরো পয়েন্ট’ থেকে শুরু করে ডুমুরিয়ার চুকনগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ গর্ত ও উঁচু-নিচু অংশ। মাত্র সাড়ে চার বছর আগে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটিই এখন জনদুর্ভোগের নতুন নাম।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এত দ্রুত ভেঙে পড়েছে সড়কটির অবকাঠামো। বর্তমানে কোথাও কোথাও পিচ তুলে ইট বিছানো হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রহসনের শামিল বলে মনে করছেন অনেকে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কটির মোট দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। এর মধ্যে খুলনার মধ্যে পড়েছে প্রায় ৩৩ কিলোমিটার। ২০১৮ সালে সড়কটির প্রশস্তকরণ ও পুনর্র্নিমাণ প্রকল্প শুরু হয়, যার আওতায় রাস্তার প্রস্থ ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৬ ফুট করা হয়। তৈরি করা হয় আটটি কালভার্ট, ড্রেন ও বাসস্টপেজ। কাজটি ২০২০ সালের জুনে শেষ করে তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান 'মোজাহার এন্টারপ্রাইজ'। কিন্তু এক বছরের মাথায় সড়কটির অবস্থা দ্রুত অবনতি ঘটতে শুরু করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।