দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
দল, মত নির্বিশেষে সবাইকে নিয়ে সরকার দেশ পুনর্গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে-বিএনপি কোনো বাধা মানবে না।
“বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল, মত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে, ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার-দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি।”
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তারেক রহমান তার সরকারের এ অবস্থানের কথা জানান।
দেশের সবাইকে নিয়ে শান্তিতে চলতে চান মন্তব্য করে সরকারপ্রধান বলেন, আমরা একটি কথা বলি, ‘করব কাজ-গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’, ‘করব কাজ-গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালো চলতে পারি; সেটি হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।