দেশে মোটরসাইকেলের দাম বাড়ছে, বিক্রি কমছে
নিজস্ব প্রতিবেদক:
দেশে মোটরসাইকেলের দাম বাড়ছে। বিপরীতে বিক্রি কমছে। বিগত ২০২৪ সালে মোট মোটরসাইকেল বিক্রি হয়েছে কমবেশি ৩ লাখ ৯০ হাজার, যা ২০১৭ সালের পর সর্বনিম্ন।
উৎপাদনকারীরা বলছেন, মোটরসাইকেল বিক্রি কমে যাওয়ার বড় কারণ এর মূল্যবৃদ্ধি। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতাও মোটরসাইকেলের বাজারে প্রভাব ফেলেছে।
বিক্রেতারা আরও জানান, সরকার গত ৯ জানুয়ারি মোটরসাইকেল উৎপাদনকারীদের করপোরেট কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। মার্কিন ডলারের দামও অনেক বেড়েছে। ফলে আগামী দিনগুলোতে নতুন চালানে আসা মোটরসাইকেলের দাম আরও বেশি পড়তে পারে।
জানতে চাইলে জাপানের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হোন্ডা লিমিটেডের (বিএইচএল) প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ২০২৪ সাল খারাপ গেলেও বাজার এখন ভালোর দিকে যাচ্ছে। গত ডিসেম্বরে বেচাকেনা ভালো হয়েছে। জানুয়ারিতেও বিক্রি ভালো। তিনি বলেন, ডলারের দাম বাড়লে মোটরসাইকেলের দামে তার প্রভাব পড়বে। পাশাপাশি করপোরেট কর বাড়ানোয় কোম্পানির মুনাফা কমার আশঙ্কা তৈরি হয়েছে। তাই কোনো কোম্পানি মুনাফা ধরে রাখতে চাইলে তাদের দাম বাড়াতে হতে পারে।
মূল্যবৃদ্ধির বড় কারণ ডলারের দাম। যেমন দেশে ২০২২ সালের মে মাসে আমদানির ক্ষেত্রে প্রতি মার্কিন ডলারের দাম ছিল ৮৬ টাকা। সে দাম এখন ১২৩ টাকা। ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব দুইভাবে পড়ে। প্রথমত, সরাসরি আমদানি খরচ বেড়ে যায়। দ্বিতীয়ত, আমদানিতে শুল্ক-কর আরোপের ক্ষেত্রে কাস্টমস ডলারের দাম বাড়ায়। এতে শুল্ক-করের পরিমাণ বাড়ে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।