দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
এসব কিশোর-কিশোরীর বাড়ি- ঢাকা, কেরানীগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।