দেশে ডায়াবেটিসে ভুগছে এক কোটি ৩১ লাখ মানুষ
বর্তমানে দেশে প্রায় এক কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছে, এ সংখ্যা ক্রমেই বাড়ছে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। তীব্র ডায়াবেটিস ঝুঁকিতে রয়েছে দেশের মানুষ। ভবিষ্যতে এ রোগে আক্রান্তের সংখ্যা তীব্র হারে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।
সংবাদ সম্মেলনে বিইএসর সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তের হার দিন দিন বাড়ছেই। এর অন্যতম কারণ নিয়মিত শরীরচর্চা না করা এবং খাদ্যাভ্যাস। অতিমাত্রায় শর্করা বা মিষ্টি জাতীয় খাদ্যগ্রহণের ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। শহরগুলোতে পর্যাপ্ত হাঁটার জায়গার (ওয়াকওয়ে) ব্যবস্থা করতে হবে শুধু মাঠ থাকলে হবে না। স্কুল, কলেজের শিক্ষার্থীরা ডায়াবেটিস ঝুঁকিতে রয়েছে। তাই পাঠ্যক্রমে এর সচেতনার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ডায়াবেটিস প্রবণ দেশ এবং বাস্তব পরিস্থিতি এর চেয়েও গুরুতর। বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে বাড়ছে ডায়াবেটিসের রোগী। তাই গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে এখনই এটি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।