‘দুই কেজি ফল নিলে এক হাজার টাকা নাই, মানুষ কেমনে কিনবে?’
পরিবার নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছেন আব্দুল বাতেন। মিষ্টিসহ আরও কিছু খাবার নিয়েছেন সঙ্গে। ভাবছেন কম হয়ে গেল কি না। দোকানে গেলেন ফল কিনতে। কিন্তু ফলের চড়া দাম শুনে কোনো ফল না কিনেই চলে গেলেন তিনি।
এটি ঢাকার দক্ষিণ মুগদা এলাকার একটি ফলের দোকান থেকে এক ক্রেতার দাম শুনে না কিনে চলে যাওয়ার চিত্র। সেখানে বাতেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘যে ফলেই হাত দেই কয় ৪০০ টাকা। দুই কেজি ফল নিলে এক হাজার টাকা নাই। মানুষ কেমনে কিনবে কন। ফল না নিয়া গেলে কিছু হবে না।’
আমদানি করা ফলের মধ্যে আপেল, কমলা, মাল্টা, ডালিম ও আঙুরের চাহিদা রয়েছে। নিজেদের খাওয়া, রোগীর পথ্য বা রোগী দেখতে যাওয়া কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও কেনাকাটায় ফল রাখতে হয়। কাটছাঁট করতে গেলেও অন্তত দুই থেকে তিন কেজি ফল কেনাও যেন বেমানান। তবে বাজারে ফলের যে চড়া দাম, তাতে সাধারণ মানুষের পক্ষে এটা কেনা কঠিন হয়ে পড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, আকার ও মানভেদে এক কেজি ডালিম ও বেদানা বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকায়। কমলা বিক্রি হচ্ছে ৪২০-৪৫০ টাকায়। আপেলের কেজি ৩৮০-৫২০ টাকা। আঙুরের কেজি ৪৮০ থেকে ৫৫০ টাকা। মাল্টার কেজি ৩৮০-৪০০ টাকা। নাশপাতির কেজি ৩২০-৩৪০ টাকা। তরমুজের কেজি ৭০-১০০ টাকা। মানভেদে ড্রাগনের কেজি ১৭০-১৯০ টাকা।
বাজারে বিক্রি হওয়া ফলের আকার ও কেজিপ্রতি দাম হিসাব করলে দেখা যায়, চারটি আমদানি করা বেদানায় এক কেজি হলে প্রতিটির দাম পড়ে ১১৩ থেকে ১৩৮ টাকা। পাঁচটি আমদানি করা মাল্টায় এক কেজি হলে প্রতিটির দাম পড়ে ৭৬ থেকে ৮০ টাকা। এক কেজিতে সবুজ আপেল হয় প্রায় নয়টি। প্রতিটির দাম পড়ে প্রায় ৪৪ থেকে ৫০ টাকা। লাল আপেল আট থেকে নয়টিতে এক কেজি হওয়ায় প্রতিটির দাম ৪২ থেকে ৫৬ টাকা।
সাত থেকে আটটি কমলায় এক কেজি হলে প্রতিটির দাম পড়ে ৫৬ থেকে ৬৪ টাকা। আর প্রতিকেজি নাশপাতিতে থাকে তিন থেকে চারটি, প্রতিটির দাম ৭৫ থেকে ৮৫ টাকা।
দেশীয় ফল যেমন- পাকা পেঁপে, পেয়ারা, কলা, জাম্বুরা, আমড়া, সবুজ মাল্টার দামও কম নয়। মানভেদে পাকা পেঁপের কেজি ৫০-১২০ টাকা। কলা প্রতি ডজন ৮০-১৫০ টাকা। পেয়ারার কেজি ৮০-১০০টাকা। জাম্বুরা প্রতি পিস ৫০-১০০ টাকা। সবুজ মাল্টার কেজি ৮০-১২০ টাকা, এবং আমড়ার কেজি ৫০-৭০ টাকা।
এ ছাড়া, খেজুরের দামও প্রকারভেদে কেজিপ্রতি ২৫০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা। এর মধ্যে বাংলা খেজুর ২৫০ টাকা এবং মেডজুল খেজুর ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।