‘তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে’
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা আমাদের তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। সেই সাথে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের ফোরামে আসবেন তারাও যদি বুঝতে ব্যর্থ হন তাহলে তাদেরও আওয়ামী লীগের পরিণতি হবে।
গতকাল বুধবার শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণের শুরুতে প্রথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে ৫ আগস্ট। আওয়ামী লীগের রাজনীতি পুর্নবাসিত হবে কিনা সেটা এটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা পুনর্বাসনের কথা বলবে আমরা ধরে নিবো গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছিলো তাদেরও ইন্ধন ছিলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।