ঢাবির হলে যুবক হত্যায় জড়িত ৮ শিক্ষার্থীকে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হলে তাদের বরাদ্দ করা আসনও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এই ৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ। এর আগে জুমুয়াবার (২০ সেপ্টেম্বর) তাদের হলের আসন বাতিল করা হয়।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ৮ শিক্ষার্থীকে হলের আসন বাতিল করার পাশাপাশি সাময়িক বহিষ্কারও করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট সিন্ডিকেটে যাবে এবং রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। কয়েক বছর ধরে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।