ঢাকায় ছুটছেন কসাইরা, অনেকে কেটেছেন বিমানের টিকিট
নীলফামারী সংবাদদাতা:
প্রতিবছরের ন্যায় এবারও শতাধিক কসাই পশু কাটার জন্য রাজধানী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন ও বাসে করে এখন পর্যন্ত অর্ধশতাধিক কসাই ঢাকা পৌঁছেছেন। কেউ কেউ বিমানের টিকিটে কেটেছেন ঈদের দিন দ্রুত ঢাকায় পা রাখতে।
কোরবানির তিন দিনে সৈয়দপুরের এসব কসাই অন্তত ২০ লাখ টাকার বেশি আয় করবেন বলে আশা করা হচ্ছে।
কসাইরা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে মাস খানেক আগেই ঢাকার অনেকেই সৈয়দপুরের কসাই বুকিং দিয়ে রেখেছেন। এ কারণে ঈদের ২/৩ দিন আগেই ঢাকায় সব কসাইকে পৌঁছাতে হবে।
হাজারে ৩০০ টাকা দিতে হবে বলে কসাইদের সঙ্গে কন্ট্রাক হয়েছে। সে হিসেবে এক লাখ টাকার একটি গরুতে কসাইকে দিতে হবে ৩০ হাজার টাকা।
মজনু নামে এক কসাই জানান, আগামী ১৫ জুন রাতে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। অনেকে আবার ১৬ জুন সকালে যাবেন ঢাকায়। কেউ কেউ ঈদের আগের দিন রাতে বিমানে ঢাকায় পৌঁছাবেন।
কসাই কাল্লু জানান, এবার ঢাকায় গিয়ে কোরবানির পশুর গোশত কাটার কাজ করবেন সৈয়দপুরের শতাধিক কসাই। চারজন করে একটি গ্রুপে পশু কাটার কাজটি করবেন তারা। তিনদিনে একেকটি গ্রুপ কমপক্ষে ১৬টি গরু কাটতে পারবেন। এতে করে একেকটি গ্রুপ ৪ লাখ টাকা আয় করতে পারবে।
নাদের এন্টারপ্রাইজের সুপারভাইজার আলমগীর বলেন, ১৫-২০ জন কসাই ঢাকা যাওয়ার জন্য আমাদের পরিবহনের টিকিট চেয়েছেন। এদের মধ্যে কেউ কেউ টিকিট নিয়ে গেছেন।
সৈয়দপুর থেকে অনেক কসাই ঈদের আগের দিন বিমানযোগে ঢাকায় যাবেন বলে জানান বিমানের টিকিট বিক্রেতারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।