ঝটিকা মিছিল শেষে বক্তব্য দিয়ে ফের ‘আত্মগোপনে’ রিজভী
সরকার নাশকতা করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতাল সফলে এক ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এ অভিযোগ করেন।
দলটির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল সফলে সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর মোড় থেকে রাজারবাগ সড়কে রিজভীর নেতৃত্বে ‘ঝটিকা’ মিছিলটি বের করা হয়। মিছিলে বক্তব্য দেওয়ার পর আত্মগোপনে চলে যান রিজভী।
গ্রেপ্তার, মামলা-হামলা করে সরকার ক্ষান্ত হয়নি দাবি করে রিজভী বলেন, ‘সরকার এই শান্তিপূর্ণ আন্দোলন রুখতে শুধু দমন-পীড়ন, গ্রেপ্তার, হামলা-মামলা করেই ক্ষান্ত হয়নি। এখন তারা নিজেরা বাসে আগুন দিয়ে নাশকতা করছে- নাশকতা করে দেশে ত্রাস সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে। বিরোধী দলের আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরাতে এটি তাদের কূটকৌশল।’
রিজভী আরো বলেন, তাদের উদ্দেশ্য এভাবে ত্রাস সৃষ্টি করে একতরফা সাজানো ‘আমরা ও মামুদের’ নির্বাচনের বৈতরণী পার হওয়া।
আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে ওরা নাশকতা সৃষ্টি করছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।