জোটে ছিলাম, জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না -নজরুল
জামাতের সঙ্গে কোনো দূরত্ব আসেনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামাতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম।
গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জামাতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম। যুগপতে আমাদের আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব, আগামীদিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র ও নির্বাচন চায়। তারা মানুষের অধিকারের কথা বলেন, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলেন যে, তারা শুধু দেশপ্রেমিক- তাহলে আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো যে ভাই, কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করব, এরকম কথা কেউ না বলুক।
নজরুল ইসলাম বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়েও আমরা আলোচনা করেছি। দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার বিষয়েও বিশেষভাবে আমরা আলোচনা করেছি। যে গণতন্ত্রের জন্য বিএনপি এবং জোটসহ দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং আহত হয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী মামলা ও হামলার স্বীকার হয়ে আছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।