‘জুলাই ঘোষণাপত্র না হলে প্রত্যেকেই ঝুঁকিতে পড়বে’
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জুলাইয়ে যে একটি গণবিপ্লব হয়েছে এটি যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায় তাহলে শহীদ, আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই আমরা চাই সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরী হোক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবিতে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্রের দাবি জানিয়েছিলাম। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিলো যে রাষ্ট্রীয়ভাবেই ঘোষণাপত্র রচিত করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখিনি। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎভাবে এই কর্মসূচি পালন করছে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে সারাদেশে একটি জনমত ও গণজোয়ার তৈরী হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে। আমাদের এই কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এই গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন টিম এই কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌঁছে দিতে চাই।'
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।